ডাকঘরে বসলো ডিজিটাল-কমার্স বুথ

১৬ মার্চ, ২০২১ ১৮:০১  
দেশের ই-কমার্স খাতে যুক্ত হলো নতুন অধ্যায়। মঙ্গলবার থেকে দেশের প্রতিটি পোস্ট অফিসেই খোলা হলো ‘‘ডিজিটাল-কমার্স বুথ’’। বিশেষায়িত কর্নারটি থেকে স্বয়ংক্রিয় ট্র্যাকিং সিস্টেমের ডিজিটাল পণ্যের দ্রুত বিলি সুবিধা ছাড়াও বিলির সেবা পরবর্তী ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস), ওয়ারহাউস এবং গ্রাহক তথ্য সেবা নিতে পারবেন ডিজিটাল-কমার্স ব্যবসায়ীরা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের ভার্চুয়াল উপস্থিতিতে মঙ্গলবার ঢাকার জিপিওতে ই-ক্যাব ও ডাক বিভাগের মধ্যে এ বিষয়ে একটি চুুক্তি হয়েছে। ই-ক্যাবের পক্ষ থেকে ই-ক্যাবের ভাইস প্রেসিডেন্ট সাহাব উদ্দীন শিপন ও বাংলাদেশ ডাক বিভাগের পক্ষে ডাকের পরিচালক এসএম হারুনুর রশিদ অত্র চুক্তিতে সই করেন। প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ডাক বিভাগের সক্ষমতাকে কাজে লাগিয়ে ই-কমার্সের বর্তমান অগ্রগতিকে আরো বেগবান করা সম্ভব। কারণ ডাক বিভাগের যে জনবল ও নেটওয়ার্ক রয়েছে সেটা অন্য কারো নেই। বিগত করোনাকালীন সময়ে ডাক বিভাগের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে যেভাবে সেবা দিয়েছে তা মনে রাখার মতো। ডাক বিভাগের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিন বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও ডিজিটাল ব্যবসায়ের পরিসীমা বৃদ্ধি এবং ডিজিটাল পরিষেবা দেয়ার ক্ষেত্রে ডাক বিভাগ চুক্তির আওতায় ই-ক্যাবের পরিচালনায় ডিজিটাল কমার্স কর্নার থেকে দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ডিজিটাল সেবা নিশ্চিত করবে। ই-ক্যাবের সহ-সভাপতি সাহাব উদ্দীন শিপন বলেন, ইতোমধ্যেই ঢাকা থেকে ৭৫০টি পোস্ট অফিসের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য বিলি ও এর মূল্য পরিশোধের পাইলট প্রকল্প সফল হওয়ার পর আগের চুক্তিটিই আরো বড় পরিসরে সম্পন্ন হলো। এবার পুরো সেবাটি অ্যাপের অধীনে আনতে ইতোমধ্যেই ই-ক্যাব একটি সফটওয়্যার তৈরি করে সেটি পোস্ট অফিসের সফটওয়্যারের সঙ্গে ইন্টিগ্রেট করে দিয়েছে, যা ডিজিটাল কমার্স ব্যবসায়ী এবং গ্রাহকের মধ্যে সেতুবন্ধন রচনা করতে সক্ষম হবে। সম্পাদিত চুক্তি অনুযায়ী, দেশের প্রত্যেকটি ডাকঘরে (জেলা/উপজেলা/থানা) ডিজিটাল কমার্স পণ্য গ্রহনের জন্য একটি স্ট্যান্ডার্ড সাইজের নির্দিষ্ট বুথ স্থাপন করা হবে। সেখানে উচ্চগতির ইন্টারনেট সংযোগ থাকবে। ডেলিভারি সেবার জন্য উপযুক্ত ও প্রয়োজনীয় সফটওয়্যার, মোবাইল এপ্লিকেশনও থাকবে। একই সঙ্গে বিপিওর নিজস্ব সফটও্যারের সাথে ই-ক্যাব এর নিজস্ব ট্র্যাকিং সিস্টেমকে ডিজিটাল কমার্স পণ্য ডেলিভারি সংক্রান্ত তথ্য গ্রহনের জন্য গেটওয়ে (API Connectivity) তৈরি করে দেবে। গঠন করা হবে বিলি সেবা সম্পর্কিত একটি সমন্বিত সেন্ট্রাল মনিটরিং সেল এবং কাস্টমার কেয়ার সেন্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ই-ক্যাবের ডিরেক্টর আসিফ আহনাফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ই-ক্যাবের ডিরেক্টর সাইদ রহমান, জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম শোভন, ই-পোস্ট অপারেশন ম্যানেজার শাওন সাহা জয় ও ডাক বিভাগের কর্মকর্তারা।